
অনলাইন ডেস্ক নিউজ,
“৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন” – এই দাবিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ চলছিল। তাকে জেরা করার সময় রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন এই দাবি করেন। আইনজীবী আমির হোসেনের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি। গণ-অভ্যুত্থানের মুখে তিনি দেশত্যাগ করে ভারতে যেতে বাধ্য হন। তিনি আরও বলেন, সরকার পতনের জন্য ৩ আগস্ট যে কর্মসূচি ডাকা হয়েছিল, তা ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ এবং এর পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকে তার পদত্যাগ এবং দেশত্যাগের পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে।