
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি | ৩০ অক্টোবর ২০২৬
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) এ কে এম হাফিজুল্লাহ খান।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষকরা যদি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন, তাহলে তারা নিজেদের বাড়িঘর থেকে শুরু করে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন পেশাজীবী, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় এ কে এম হাফিজুল্লাহ খান বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির বাস্তবায়ন অনেকটা এগিয়েছে। বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে দল-মত ও পেশা নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি শনিবারকে পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করেছেন। এ উদ্যোগকে সফল করতে প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সপ্তাহে অন্তত একদিন নিজের ঘরবাড়ি, আঙিনা এবং আশপাশের রাস্তাঘাট পরিষ্কার করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উল্লাপাড়ার সন্তান হিসেবে এলাকার দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়েও আশ্বাস দেন হাফিজুল্লাহ খান। তিনি জানান, উল্লাপাড়ায় একটি নার্সিং ইনস্টিটিউট এবং একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য নির্মিত আবাসন প্রকল্পগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।