
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২৭ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করবেন তার কন্যা জাইমা রহমানও। আজ শনিবার (২৭ ডিসেম্বর) তারা এই প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে নিশ্চিত করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, “নির্বাচন কমিশন তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে নির্বিঘ্নে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারেন, সেজন্য কমিশনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট কক্ষও প্রস্তুত রাখা হয়েছে।”জানা গেছে, আজই তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের জন্য প্রয়োজনীয় ছবি ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) দেবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর এবং রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তাদের এই এনআইডি গ্রহণের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, সাধারণ নাগরিকদের মতো নিয়ম মেনেই তাদের নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইসি। তারেক রহমান ও জাইমা রহমানের এনআইডি পাওয়ার মাধ্যমে তাদের নাগরিক অধিকারের একটি বড় ধাপ সম্পন্ন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝেও এই সংবাদকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেছে।