
অনলাইন ডেস্ক নিউজ,
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তার দলকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না দেওয়া হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি সাফ জানিয়ে দেন, “শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে যাবো। প্রতীক না দিলে রাজপথে নামবো।”
হবিগঞ্জে দলীয় এক সমন্বয় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।সারজিস আলম অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আবেদন করা সত্ত্বেও ইসি কোনো আইনগত বা যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রতীকটি বরাদ্দ দিতে অস্বীকৃতি জানাচ্ছে।তিনি মনে করেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রভাবে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে। সারজিস বলেন, “নির্বাচন কমিশন আইনগতভাবে কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, ইসি সচিব জানিয়েছেন যে শাপলা প্রতীকটি মার্কার তালিকায় নেই, যা প্রমাণ করে এটি বরাদ্দে কোনো আইনি বাধা নেই। তার প্রশ্ন, “তাহলে এই তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দায়িত্ব কার ছিল ? “এনসিপির এই নেতা জানান, তাদের দল গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বেশ কয়েকটি সমমনা দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পছন্দের প্রতীক না পেলে এবং সব ধরনের “ভণ্ডামি” রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়, তা তারা দেখে নেবেন।