
অনলাইন ডেস্ক.
রাজধানীর পশ্চিম ও পূর্ব প্রান্তকে মেট্রোরেলের মাধ্যমে যুক্ত করতে নতুন একটি বৃহৎ প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ (দক্ষিণ রুট) প্রকল্পটি আগামী একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)-এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমআরটি লাইন-৫ চালু হলে রাজধানীর পশ্চিমাঞ্চল গাবতলী থেকে পূর্বাঞ্চল দাশেরকান্দি পর্যন্ত দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। এতে যানজট কমার পাশাপাশি নগরবাসীর যাতায়াতে সময় ও খরচ সাশ্রয় হবে।
বর্তমানে প্রকল্প অনুমোদনের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। একনেকে অনুমোদন পাওয়া গেলে দ্রুত বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।