
অনলাইন ডেস্ক নিউজ.
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনটি প্রকৃত অর্থে কোনো নির্বাচন নয়, বরং এটি একটি প্রহসন।[তিনি মন্তব্য করেন যে, এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে সরকারি দল এবং আধা-সরকারি দলের মধ্যে। শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
জিএম কাদের “সরকারি দল” এবং “আধা-সরকারি দল” বলতে কী বুঝিয়েছেন, তারও একটি ব্যাখ্যা দেন। তিনি বলেন, সরকারি দল হলো সেই দল যাদের সরকার পুরোপুরি সমর্থন দিচ্ছে এবং তাদের দুজন উপদেষ্টা এখনো মন্ত্রিসভায় আছেন।এই দলের সদস্যরা সরকারি প্রটোকল ও সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। তিনি জামায়াতে ইসলামীকে এই সরকারি দলের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, বিএনপিকে “আধা-সরকারি দল” হিসেবে আখ্যায়িত করে জিএম কাদের বলেন, তারা হয়তো পুরোপুরিভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু ৫০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। একারনে তিনি মনে করেন, এবারের নির্বাচন সরকারের সাথে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। জিএম কাদের আরও বলেন যে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এক পক্ষে সরকার এবং অন্য পক্ষে বিরোধী পক্ষ থাকে।কিন্তু এবারের নির্বাচনে কোনো স্পষ্ট প্রতিপক্ষ দেখা যাচ্ছে না।তিনি অভিযোগ করেন যে, এখনও অর্ধেকের বেশি ভোটারকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা পূর্বের শেখ হাসিনা সরকারের সময়ের পরিস্থিতির পুনরাবৃত্তি। তিনি এই নির্বাচনকে প্রহসনমূলক আখ্যা দিয়ে বলেন, এর ফলাফল পূর্বনির্ধারিত হওয়ার আশঙ্কা রয়েছে।তার মতে, এই ধরনের নির্বাচন দেশের জন্য স্থিতিশীলতা বয়ে আনবে না এবং এর ফলে দেশে বিনিয়োগের পরিমাণ কমে গিয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।