
অনলাইন ডেস্ক,
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মাসব্যাপী “জুলাই পদযাত্রা” কর্মসূচির প্রথম দিনেই দেখা গেছে হাজারো মানুষের ঢল। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আজ সকাল থেকেই গাইবান্ধা শহরের বিভিন্ন পয়েন্টে চলে গণসংযোগ ও পথসভা। এনসিপি নেতৃবৃন্দ জানান, “এই পদযাত্রা একটি প্রতীকী নয়, বাস্তবিক পরিবর্তনের আহ্বান। আমরা জনগণের কাছে যাচ্ছি—তাদের কথা শুনছি, এবং আমাদের বক্তব্য জানাচ্ছি। নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থার কাঠামো বদলাতে হবে। পথসভায় বক্তারা বলেন,”নতুন সংবিধান ছাড়া রাষ্ট্রে কোনও কার্যকর পরিবর্তন সম্ভব নয়। এই বিচারহীন, বৈষম্যমূলক ব্যবস্থার পরিবর্তে চাই জনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। গণসংযোগে নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। গাইবান্ধা শহরের প্রধান সড়কজুড়ে এনসিপি কর্মীদের ব্যানার, পোস্টার এবং স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। উল্লেখ্য, “জুলাই গণঅভ্যুত্থান” স্মরণে এনসিপি ঘোষিত এই পদযাত্রা সারা মাসব্যাপী দেশের বিভিন্ন জেলা ঘুরে জনগণের মধ্যে নতুন রাজনীতির বার্তা পৌঁছে দিতে চায়। দলটির পক্ষ থেকে জানানো হয়, এ পদযাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি নতুন সমাজ ও রাষ্ট্র নির্মাণের ডাক। বিচারহীনতার সংস্কৃতি, সাংবিধানিক অসাম্য এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশায় এ কর্মসূচি শুরু হয়েছে। নেতারা জানিয়েছেন, “দেশ গড়তে হলে শুধু ক্ষমতা নয়, প্রয়োজন ন্যায়বিচার ও জনগণের মালিকানা নিশ্চিত করা। এনসিপি সেই লক্ষ্যেই মাঠে রয়েছে এবং এই পদযাত্রা চলবে প্রতিটি জেলা শহরে। উল্লেখ্য, এনসিপির এই পদযাত্রা ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে শুরু হওয়া এক মাসব্যাপী কর্মসূচির অংশ, যার মাধ্যমে দলটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও আন্দোলনের মূল বার্তা ছড়িয়ে দিতে চায়।