
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
“শিক্ষিত সমাজের একটি অংশ জাতির যে ক্ষতি করে, সাধারণ দেশবাসীর কোটি কোটি মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না। “এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কলমের এক খোঁচায় একজন মানুষের বা একটি জাতির ভাগ্য যেভাবে ধসিয়ে দেওয়া যায়, কোটি মানুষ মিলেও সে ক্ষতি করতে পারে না। শনিবার (৪ অক্টোবর, ২০২৫) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটি আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরেও দেশে একটি মানবিক, দায়িত্বশীল ও সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি, যা প্রমাণ করে জাতি সংকটে রয়েছে। এই সংকটময় মুহূর্তে আলেম বা শিক্ষিত ব্যক্তিদেরই জাতিকে পথ দেখাতে হবে। তিনি বলেন, “কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম জাতিকে পথ দেখালে জাতি উপকৃত হবে। জাতিও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে। “জামায়াত আমির আলেমদের শুধু মসজিদের ইমাম হিসেবে নয়, বরং পুরো জাতির ইমাম বা নেতা হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহভীরু ও ধার্মিক ব্যক্তিরা যদি সমাজের নেতৃত্বে আসেন, তাহলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয়। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান। কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। “জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সভাপতিত্বে এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।