
অনলাইন ডেস্ক নিউজ,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অন্তত ১৬০টি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। খুলনায় ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আয়োজিত এক সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের জন্য এমন সুযোগ সৃষ্টি হয়েছে, যা আগে কখনো কল্পনা করিনি। আমাদের বিশ্বাস করতে হবে অন্তত ১৬০টি আসন আমরা পাব।” পূর্বে তাদের আসন সংখ্যা ১৮ থেকে সর্বোচ্চ ৫০ ছিল বলে তিনি উল্লেখ করেন। এই একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে, সমমনা দলগুলোর সাথে জোটবদ্ধ হলে জামায়াত ১০০টি আসন পর্যন্ত ছাড় দিতে পারে। অধ্যাপক পরওয়ার জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দ্বীনকে সংসদে পাঠানোর জন্য এ সময়টিই সবচেয়ে উপযুক্ত। “অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।