
অনলাইন ডেস্ক নিউজ,
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ স্থায়ী নয় এবং এটি যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে। তিনি স্পষ্ট করেছেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং দলটি আইনগতভাবে বৈধ রয়েছে, শুধুমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা দলটিকে নিষিদ্ধ করিনি। দলটি এখনও আইনগতভাবে বৈধ। কেবল এর রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। “স্থগিতাদেশের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে। দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচনে অন্য যেকোনো প্রার্থীকে ভোট দিতে পারবেন। এর আগেও লন্ডনের থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসে এবং বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকতে পারে। তার মতে, আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দল কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও দলটিকে নিষিদ্ধ করা হয়নি।