
মোঃ রনি ইসলাম, ক্রাইম রিপোর্টার,কুষ্টিয়া (দৌলতপুর)
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে বাড়ি থেকে এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর রিফুজি পাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপহৃত যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি ওই গ্রামের মিরাজ মালিথার ছেলে এবং পেশায় একজন ছাগল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আলম আলী ও আব্দুস সালাম জানান, রাত ৮টার দিকে তারা হঠাৎ দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পান। শব্দের উৎস তারা ছুটে গেলে এলাকায় চিৎকার ও হট্টগোল দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, একদল সশস্ত্র সন্ত্রাসী সাইফুল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। গ্রামবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুনরায় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং সাইফুলকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একজন বাসিন্দা বলেন, “দৌলতপুর কি আবারও সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে? আমরা নিরীহ সাধারণ মানুষ, এভাবে চলতে থাকলে আমরা কোথায় যাব? আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।” সাইফুলের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তারা জানান, স্থানীয়ভাবে তাদের কারো সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা বিরোধ নেই। হতবাক হয়ে তারা বলেন, “কোনো কারণ ছাড়াই হঠাৎ করে সন্ত্রাসীরা এসে আমার ছেলেকে তুলে নিয়ে গেল। আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে চাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।” ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ওসি সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত যুবক সাইফুলকে নিরাপদে উদ্ধার করতে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে।