
অনলাইন ডেস্ক নিউজ,
গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কেন্দ্রীয় সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পৌর পার্কে আয়োজিত সমাবেশস্থলে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও মাইক ভাঙচুর করে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলমসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা। সমাবেশ শুরু হতেই এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলটির কর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগ পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে কর্মসূচি বানচাল করতে চেয়েছে। এছাড়া সমাবেশ শেষে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরের উপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন একাধিক নেতা-কর্মী। এর আগে সকালে এনসিপির প্রস্তুতি সভাস্থলে ককটেল বিস্ফোরণ, এবং স্থানীয় প্রশাসনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ শহরে **১৪৪ ধারা জারি** করেছে জেলা প্রশাসন। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, সরকারের ছত্রছায়ায় এই বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।