
অনলাইন ডেস্ক নিউজ,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন যে, ধর্মকে ব্যবহারকারী একটি রাজনৈতিক দল আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) ঢাকার খিলগাঁও, বাগিচা এবং শাহজাহানপুর এলাকায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, দলটি একদিকে পিআর সিস্টেমসহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, অন্যদিকে পুরোদমে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই দলটি জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে এবং তাদের কথা ও কাজে মিল নেই। বিএনপির এই নেতা অভিযোগ করেন যে, এই “ধর্ম ব্যবসায়ী” দলটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। তার মতে, এই দলটি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করলেও গোপনে তাদের সাথে আঁতাত করছে। তিনি বলেন, “কয়েক দিন আগেও জামায়াত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। আর এখন বলছে সব আওয়ামী লীগার খারাপ না। “এই সময় তার সাথে ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।