
আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগামী **ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা** রয়েছে তাঁর। একই সঙ্গে তাঁর সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন বলে জানান তিনি।
ব্রিটিশ বার্তা সংস্থা **রয়টার্স**কে দেওয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ও তাঁর দলের নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে হাজির হবেন। এর মাধ্যমে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রতি রাষ্ট্র কী ধরনের আচরণ করে, সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও সরাসরি সাক্ষাৎকার দেননি।
সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, বিচারপ্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন।