
কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর জমি থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। অভিযানে পাউবো’র নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, সেনাবাহিনীর একটি দল, পুলিশ, আনসার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে জিকে ক্যানেলের পাড় ঘেঁষে পানি উন্নয়ন বোর্ডের জমিতে গড়ে উঠেছিল দোকানপাট ও বসতঘরসহ ৩৫টির মতো অবৈধ স্থাপনা। এসব স্থাপনা সেচ কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছিল এবং কৃষি জমিতে সঠিকভাবে পানি সরবরাহে বাধা সৃষ্টি করছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “পাউবো’র গুরুত্বপূর্ণ এই জমিগুলো দখলমুক্ত করার লক্ষ্যে আগেই মাইকিং ও নোটিশের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইনগতভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে কিছু দখলদার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, “আমরা বাপ-দাদার আমল থেকে এখানে আছি। হঠাৎ করে উচ্ছেদে আমরা পথে বসেছি। থাকার মতো আর কোনো জায়গা নেই।এদিকে পাউবো জানিয়েছে, সেচ ব্যবস্থাকে সচল রাখতে ও সরকারি সম্পদ দখলমুক্ত করতে এই অভিযান আরও বিস্তৃতভাবে চালানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সকল দখলকৃত জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।