নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচালিত উচ্ছেদ অভিযানে দোকান মালিক ও কর্মচারীদের বাধার মুখে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে মিরপুর-১১ ভাসানী মোড় সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হওয়া অভিযানে ফুটপাথ ও সড়ক দখল করে গড়ে ওঠা অন্তত ৮–১০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে উচ্ছেদ অভিযানের একপর্যায়ে দোকান মালিক ও কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ তোলেন যে, পূর্বে কোনো ধরনের নোটিশ প্রদান না করেই অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা আরও দাবি করেন, অনেক দোকান রয়েছে যেগুলোর বরাদ্দ সংক্রান্ত কাগজপত্র বৈধভাবে রয়েছে। প্রতিবাদ ও কাগজপত্র দেখানোর দাবির প্রেক্ষিতে অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িকভাবে অভিযান স্থগিতের নির্দেশ দেন। তিনি জানান, দোকান মালিকদের প্রস্তাবিত কাগজপত্র যাচাই-বাছাই করে পুনরায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকান ও স্থাপনার কারণে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। সড়ক ও ফুটপাথ পুনরুদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়রা জানান, ভাসানী মোড় এলাকা ছাড়াও মিরপুরের বিভিন্ন এলাকায় দখলদারদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ বাড়ছে। এ বিষয়ে সিটি করপোরেশনের নিয়মিত অভিযান দাবি করেন তারা।
অভিযান সাময়িকভাবে স্থগিত হলেও সিটি করপোরেশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আবারও অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।