অনলাইন ডেস্ক নিউজ, আন্তর্জাতিক,
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে একটি বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান্তর, গণতান্ত্রিক সংস্কার এবং ব্যাংকিং খাতের কাঠামোগত পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবং চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন যে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো উপকৃত হতে পারে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তিশালী রাজস্ব ও ব্যাংকিং সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গেও বৈঠক করেছেন।