ষ্টাফ রিপোর্টার ঢাকা ,
সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন। এ সময় কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার-ফেস্টুন আবার কেউবা নেচে গেয়ে স্লোগানে মুখরিত পুরো নয়াপল্টন এলাকা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় শুরু হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ। এই সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় বিএনপির তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।
এদিকে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের এই সমাবেশে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোর করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।
তিন অঙ্গসংগঠনের নেতারা বলছেন, তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন।