অনলাইন ডেস্ক নিউজ,
ঢাকা: রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০২৫–২০৪৫ সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়ায় রাজধানীর নির্দিষ্ট সড়কে চলাচলকারী ব্যক্তিগত যানবাহনের ওপর কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে কনজেশন চার্জ (যানজট শুল্ক)আরোপের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এ শুল্ক রাজধানীর সব সড়কে নয়; বরং মেট্রোরেল, বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) এবং উন্নত বাসসেবা চালু থাকা করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই এ ব্যবস্থা কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রাজধানীতে যানজট দিন দিন আরও প্রকট হচ্ছে। ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটার।
এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকার যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। রাজধানীর ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহনের চাপের কারণে শুধু জনভোগান্তিই নয়, অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক গণপরিবহন সম্প্রসারণ, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার নিয়ন্ত্রণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে রাজধানীর যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।