নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার সড়ক ও ড্রেনের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে।
রাজধানীর কাকরাইল, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে পানির মধ্য দিয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। কেউ রিকশায়, আবার কেউ দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর চেষ্টা করেছেন।
জলাবদ্ধতার কারণে যানজট বেড়েছে, ব্যাহত হয়েছে নগরজীবনের স্বাভাবিক ছন্দ। সাধারণ মানুষের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে যাওয়ায় প্রতি বছর একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।