নাটোর প্রতিনিধি,
প্রতিষ্ঠার পর থেকেই বিভক্তি আর ভাঙনের মুখে থাকা গণঅধিকার পরিষদে আবারও বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এবার নাটোরের লালপুর উপজেলায় দলটির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ৩৬ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। গত রোববার (৫ অক্টোবর) বিকেলে তারা জেলা কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান এবং অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল।এছাড়াও উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সদস্যরাও রয়েছেন পদত্যাগীদের তালিকায়। পদত্যাগের কারণ হিসেবে নেতারা ব্যক্তিগত সমস্যার কথা বললেও এর পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ বড় কারণ হিসেবে দেখা দিয়েছে।পদত্যাগকারী সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান, দলের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় তারা ৩৬ জন মিলে একযোগে পদত্যাগ করেছেন। অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলাল অভিযোগ করেন, যার হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন, তার কথা ও কাজের মধ্যে মিল না থাকায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, গণঅধিকার পরিষদের লালপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ এই পদত্যাগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। তিনি বলেন, সংগঠনকে হেয় করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করতে পারে। এই ঘটনা গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ সংকটকে আরও একবার প্রকাশ্যে আনলো, যা দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।