উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
হকারদের পুনর্বাসনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের, জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে যানজট নিরসন এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শহরের গুলিস্তান মোড় থেকে ওভারব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার ও ব্রেকো মেশিন দিয়ে ভেঙে অপসারণ করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ
স্থানীয়দের অভিযোগ, উল্লাপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যানজট এবং পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে অফিস চলাকালীন সময় এবং স্কুল-কলেজ খোলা ও ছুটির সময় সড়কে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
ফুটপাত দখল হয়ে যাওয়ায় অনেক পথচারীকে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতো।
এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং শহরের সড়ক ও ফুটপাতের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
হকারদের পুনর্বাসনের আশ্বাস
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “উল্লাপাড়া পৌর শহরে যানজটের চিত্র যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ, শহরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সমস্যার সমাধান করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানের ফলে সাধারণ ক্ষুদ্র হকাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিষয়টি পৌর কর্তৃপক্ষ উপলব্ধি করেছে। হকারদের পুনর্বাসনের বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সময়সাপেক্ষে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
অভিযানে স্বাগত, তবে জীবিকা নিয়ে উদ্বেগ
পৌর শহরের যানজট নিরসন ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। তাঁদের প্রত্যাশা, এ অভিযানের ফলে শহরে যান চলাচল স্বাভাবিক হবে, পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
অন্যদিকে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী মো. রবিউল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, এ অভিযানের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাঁদের অনেকের জীবিকা এসব ব্যবসার ওপর নির্ভরশীল। দোকানপাট উচ্ছেদ হলে পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।
দখলমুক্ত ফুটপাতের পাশাপাশি পুনর্বাসনের দাবি
সচেতন মহলের মতে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত নিম্ন আয়ের মানুষদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকারদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ ও পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে একদিকে নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।
এখন দেখার বিষয়, উল্লাপাড়া পৌর কর্তৃপক্ষের এ উচ্ছেদ অভিযান কতটা স্থায়ীভাবে যানজট নিরসনে ভূমিকা রাখে এবং হকারদের পুনর্বাসনের আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয়।